ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:৫৬, ১৩ আগস্ট ২০২৬
ফাইল ছবি
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করবেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন।
তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং নিজের ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন নিষ্পত্তি করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি)।
এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন একবার করা হলে দ্বিতীয়বার তা সংশোধনের সুযোগ থাকবে না।
নতুন এই সিদ্ধান্তের ফলে এনআইডির তথ্য সংশোধনের ক্ষেত্রে কোন ধরনের আবেদন মাঠ পর্যায়ে নিষ্পত্তি হবে এবং কোনগুলো কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হলো।