প্র্রতিনিধি
প্রকাশ: ১৯:২৯, ২ মার্চ ২০২৬
ছবি :সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগনেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে হামলার ঘটনা ঘটলেও দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আব্দুস সালাম (৬০) ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল হোসেনের (৭০) মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামে সরকারি পাঁচ বিঘা খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আছমত আলী পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপিপন্থি আবুবক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে আবুবক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ মারার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে চলাকলে উভয়পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া, দা, লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর আক্রমণ করে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। ৯৯৯ নম্বরে কল পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইসমাইল হোসেন ও আব্দুস সালামের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।