মোঃ দিলদার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
প্রকাশ: ২০:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
.
জয়পুরহাটে ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক জোড়পূর্বক জমি দখল ও ক্ষেতের অপরিপক্ক সরিষা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চলতি মাসের ১৪ ফেরুয়ারী শনিবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৃষক আব্দুল আলীম থানায় অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের তাছির উদ্দিন মন্ডলের পুত্র আব্দুল আলীম মন্ডল ক্রয় ও পৈত্রিক সুত্রে প্রাপ্ত ১ একর ৩০ শতক জমি দীর্ঘ ৩৫ বছর যাবৎ ভোগ দখল করে আসছেন। চলতি মৌসুমে উক্ত জমিতে সরিষা চাষাবাদ করলে পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের ডোগর গ্রামের আবু বক্করের পুত্র এনামুল হক (৪০) ও তার ১০/১৫ জনের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল আলীমের জমি দখল করেন এবং জমির অপরিপক্ক সরিষা কেটে নিয়ে যায়। শুধু তাই নয় একই কায়দায় এনামুল ও তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী আব্দুল আলীমের উক্ত জমি হতে আমন ধানও কর্তন করে নিয়ে যান। সে সময় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগও দায়ের করেন
ভুক্তভোগী আব্দুল আলীমের পরিবার বলেন, বিষয়টি সেনাবাহিনীর নিকট অভিযোগ করলে তারা উভয় পক্ষকে নিয়ে শালিসি বৈঠক করেন। সেখানে এনামুল হক তাদের জমিতে যাবে না মর্মে ৩শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন। তারপরও এনামুল ও তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী পরিবারকে অনবরত ভয়ভীতি প্রদর্শন, হত্যার হুমকি দিয়ে আসছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ব্যাপারে এনামুলের নিকট জানতে চাইলে তিনি বলেন,তারাই আমার শ্বশুরের নামীয় জমিগুলোর কাগজ গোপন করে দখল করে খাচ্ছিলো। পরবর্তীতে সেটি জানার পর আমাদের কিছু লোক নিয়ে জমিগুলো আমাদের দখলে নিই। হুমকি ও ফসল কেটে আনার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, জমি দখল ও ফসল কর্তনের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।