শাহরিয়ার মিল্টন , শেরপুর
প্রকাশ: ২০:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও খাদ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক মাদককারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার গোমরা গ্রামের শামসুল হকের ছেলে মো. লাল চাঁনকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা।
এ ঘটনায় লাল চাঁনসহ পাঁচজনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে। এদিকে একই রাতের অভিযানে নালিতাবাড়ী উপজেলার পাতিহাতা ও শালবাগান কুচপাড়া, ঝিনাইগাতীর হলদীগ্রাম ও গারোকোনা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি সীমান্ত দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদক ও খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও শনপাপড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের মোট মূল্য ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে ।