ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩, ২৭ সফর ১৪৪৮

পরিপত্র মেনে নিয়োগ, বিপাকে ইউএনও এবং সংশ্লিষ্ট কর্মকর্তা

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা(খুলনা]প্রতিনিধি

প্রকাশ: ২৩:০৮, ১১ আগস্ট ২০২৬

পরিপত্র মেনে নিয়োগ, বিপাকে ইউএনও এবং সংশ্লিষ্ট কর্মকর্তা

ফাইল ছবি

খুলনার পাইকগাছায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য  সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই তা স্থগিত করা হয়েছে। সরকারি পরিপত্র অনুসরণ করে পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশের পর নিয়োগ তালিকায় রাজনৈতিকপরিচয় ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় স্থানীয়ভাবে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় বিএনপি ও জামায়াতের স্থানীয় একটি অংশ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও ফল স্থগিত হওয়ার পর তা প্রত্যাহার করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন আহ্বান করা হলে পাইকগাছায় ১ হাজার ১০০-এর বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে গত ২৫ ও ২৬ জুলাই প্রথম দফায় এবং ৪ আগস্ট দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৮ আগস্ট নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ ওঠে।

স্থানীয় বিএনপি ও জামায়াতের একটি অংশের অভিযোগ, চূড়ান্ত তালিকায় আওয়ামী লীগের সাবেক নেতা-কর্মী এবং তাঁদের আত্মীয়স্বজনের নাম রয়েছে। এর প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চিকিৎসক আব্দুল মজিদ অভিযোগ করেন, নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রায় সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁদের আত্মীয়স্বজন। তাঁদের বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হলে তাঁদের কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুসরণ করে নিয়োগ বোর্ডের কর্মকর্তারা নিরপেক্ষভাবে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নামই ফলাফলে প্রকাশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারের এই উদ্যোগ যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। নিয়োগ বোর্ডের তিন কর্মকর্তার মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীদের বাছাই করা হয়েছে। রাজনৈতিক পরিচয় বিবেচনার অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, ভাইভা বোর্ডে কোনো প্রার্থী বা তাঁর পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। তিনি আরও বলেন, ফল প্রকাশের পর অন্যান্য উপজেলার মতো পাইকগাছাতেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। এ কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ঘোষিত ফলাফল স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে নিয়োগের ফল স্থগিত হওয়ার পর বিএনপি ও জামায়াতের স্থানীয় অংশের ঘোষিত আন্দোলন কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে।তবে ফল প্রকাশের পর সরকারি পরিপত্র অনুযায়ী পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন হওয়ার পরও কেন তা স্থগিত করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় কিংবা স্বজনপ্রীতির যে অভিযোগ উঠেছে, সেগুলো কতটা সত্য—তা নিয়েও রয়েছে নানা আলোচনা। এসব প্রশ্নের উত্তর এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর আওতায় দেশের বিভিন্ন উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের কার্যক্রম চলছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এ কার্যক্রমের আওতায় নির্ধারিত তথ্য সংগ্রহ করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন