আলমগীর মানিক,রাঙামাটি
প্রকাশ: ২১:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন। গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে মাদক মামলায় সাজাসহ অন্তত ২২টি মামলা রয়েছে ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তিনি রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডিসি অফিস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম উদ্দিন পালানোর চেষ্টা করলে ওসি নিজেই ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তাকে কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দায়ের করা। এছাড়া দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬সহ বিভিন্ন ধারায় দায়ের হওয়া মামলা রয়েছে।
তার বিরুদ্ধে ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে একাধিকবার গ্রেপ্তার ও জামিনের তথ্য পাওয়া গেছে। কয়েকটি মামলায় তিনি চার্জশিটভুক্ত এবং একটি মামলায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন বলে জানা গেছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলায় এক বছরের সাজার রায় দিয়েছে।
পুলিশ রেকর্ড অনুযায়ী, বিভিন্ন সময়ে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসার অভিযোগে একাধিকবার নিয়মিত মামলায় আটক হন। তার বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট এবং সাজাপ্রাপ্ত সংক্রান্ত পরোয়ানাও রয়েছে।
কোতয়ালী থানার ওসি জানান, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। দীর্ঘদিন ধরে পলাতক ও একাধিক মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন করা হবে।”
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।