চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম থেকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এমন তথ্য নিশ্চিত করেছেন সিআইডি ইন্সপেক্টর মো. রেজাউল করিম।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম এলাকার মৃত মহসিন আলীর ছেলে মোবারক হোসেন এবং তার স্ত্রী সুলতানা খাতুন।
সিআইডি ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দূর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং এর বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পাঠাতে প্ররোচিত করতো। এছাড়া ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড ক্রয়ের মাধ্যমে বিকাশ বা রকেট অ্যাকাউন্ট খুলে নিবন্ধিত সিম ও পিনকোড নিজেদের দখলে নিয়ে পরবর্তীতে সেইসব সিম প্রতারণার কাজে ব্যবহার করত।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার একটি মামলা তদন্তের অংশ হিসেবে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তাড তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে গ্রামীণফোনের ৭টি ও বাংলালিংকের ১টি সিমকার্ডসহ মোট ৮টি সিম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ২১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতাররকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ইন্সপেক্টর মো. রেজাউল করিম।