ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬

১০ শ্রাবণ ১৪৩৩, ০৯ সফর ১৪৪৮

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৩:২২, ২৫ জুলাই ২০২৬

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

ছবি:বাংলার চোখ

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায়কে হত্যার ঘটনায় দ্বিতীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকায় অভিযান চালিয়ে জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে আটক করা হয়। পরে তাকে ঝালকাঠিতে এনে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, এর আগে মামলার প্রধান আসামি রিতোষকে গ্রেফতার করা হয়। তিনি একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা বাইরে থাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগী জুয়েলকে নিয়ে দ্বিতীয় তলায় তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন তিনি।

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় ঘটনাটি টের পেয়ে রিতোষকে চিনে ফেললে ধরা পড়ার আশঙ্কায় দুই আসামি তার মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে দেখাতে প্রধান আসামি নিজের ভাড়া করা বাসাও এলোমেলো করে রেখে পালিয়ে যান।

সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে শনাক্ত করে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই দ্বিতীয় আসামিকে আটক করা হয়েছে। 

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী হাসান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারসহ তদন্তের বাকি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন