ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

২৮ শ্রাবণ ১৪৩৩, ২৭ সফর ১৪৪৮

শেরপুরে  নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে

শাহরিয়ার মিল্টন , শেরপুর

প্রকাশ: ২৩:৫৭, ১২ আগস্ট ২০২৬

শেরপুরে  নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে

ছবি :সংগৃহীত

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২  টার দিকে  শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে এবং পুলিশকে খবর দেয়। এরপর শেরপুর সদর থানা পুলিশ মো. রুস্তম আলী এবং ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক  এবং ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। আর পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের রাত আড়াইটার দিকে  থানায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  

আরও পড়ুন