ঢাকা, শনিবার, ০১ আগস্ট ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩, ১৫ সফর ১৪৪৮

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৪৯, ৩১ জুলাই ২০২৬

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব-১০। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেফতাররা হলেন- মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)।

র‌্যাবের দাবি, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন করতেন এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাদের মধ্যে আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

র‌্যাব-১০ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। যুবসমাজকে রক্ষায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন