গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:৪২, ২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃৃহীত
গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের মধ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনায় চার হাজার জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা করেছে।
শিল্পাঞ্চল-২ (গাজীপুর) পুলিশের এসপি মো. আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এসব মামলায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
গতকাল রোববার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে এবং পল্লীবিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় ৫ প্লাটুন বিজিবি।