আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০০:৫৫, ৩১ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দুইজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
আইআরজিসির বলছে, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির একটি র্যাম্প এবং যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগঠনটির দাবি, ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন ছিল।
আইআরজিসি আরও জানায়, হামলায় তিনটি এফ-৩৫ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কঠোর ভাষায় সমালোচনা করে আইআরজিসি বলেছে, নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, ‘ইসলামি ভূখণ্ড থেকে শেষ মার্কিন সেনা অপসারণ না হওয়া পর্যন্ত’ তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা