ঢাকা, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

২২ অগ্রাহায়ণ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:২৫, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ হোসেন

ছবি :সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণকরতে পারছেন। বিভিন্ন গুজবের পরিপ্রেক্ষিতে তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন।

বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা দেখেছেন। আজকেও বিদেশ থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে উনাকে যদি বিদেশে নেয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন উনাকে বিদেশে নেয়া হবে। 

তিনি বলেন, আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল।এর আগে সোমবার (১ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে আসে চীনা চিকিৎসকদের প্রাথমিক দল। 

 চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। কোনো ধরনের গুজব ছাড়ানো ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। দল কীভাবে তথ্য দেবে তা জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা এ যাত্রায়ও আবারও প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য সহযোগিতা চাই আপনাদের কাছে। তারেক রহমান অনুরোধ করেছেন ধৈর্য ধরতে।

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। দেশ সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।


 

আরও পড়ুন