চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২:৪৫, ২ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা দোয়া মাহফিলের আয়োজন করেন।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। কিন্তু আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সাথে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম ও সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।