স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৩৯, ২৫ জুলাই ২০২৬
বালক বিভাগের ফাইনালে সিলেট ও ময়মনসিংহ, বালিকা বিভাগে রাজশাহী ও রংপুর I ছবি :সংগৃহীত
শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবলের সেমিফাইনাল পর্ব। বালক ও বালিকা উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ এসব ম্যাচে তরুণ ফুটবলারদের পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।বালক বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সিলেট অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চল। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে একে অপরের মোকাবিলা করবে রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল।
মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিলেট অঞ্চল। বরিশাল অঞ্চলের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় তুলে নিয়ে তারা ফাইনালে নিজেদের আসন নিশ্চিত করে। সিলেটের এই জয়ের মূল নায়ক ছিলেন নাফিজুজ্জামান জিহাদ। তিনি ম্যাচে জোড়া গোল করেন।
দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ অঞ্চল ১-০ গোলে হারিয়েছে রংপুর অঞ্চলকে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের ২১ মিনিটে ময়মনসিংহের পক্ষে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার রাতুল মোড়ল, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে খুলনা অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী অঞ্চল। ম্যাচটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল। খুলনার রক্ষণভাগ ভেদ করে ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ফারিহা। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন জিন্নাত মেহেরুন।
দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে রংপুর। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে রংপুরের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জয়সূচক গোলটি উপহার দেন স্মৃতি কিসকু। ২৭ জুলাই ফাইনালে আর্মি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে চার দল।