ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩, ১৮ সফর ১৪৪৮

ইরানের সঙ্গে সোমবার থেকে নতুন আলোচনা শুরু হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২:৫৭, ৩ আগস্ট ২০২৬

ইরানের সঙ্গে সোমবার থেকে নতুন আলোচনা শুরু হবে: ট্রাম্প

ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রেখে তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘স্পষ্টতই তারা (ইরান) হামলার শিকার হতে চায় না। তারা বুঝতে পেরেছিল হামলার প্রস্তুতি কতদূর এগিয়েছিল, কারণ তারা সেটি গড়ে উঠতে দেখেছিল। এখন আমরা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এগোচ্ছি। আগামীকাল বিকেল থেকেই সেই আলোচনা শুরু হবে।’

এর আগে একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। গত শুক্রবার (৩১ জুলাই) ট্রাম্প নিজেও ইরানের ওপর নতুন করে ব্যাপক হামলার পরিকল্পনার কথা জানান। তবে পরদিন শনিবারই (১ আগস্ট) তিনি ওই হামলা পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন। দাবি করেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আলোচনায় হরমুজ প্রণালির বিষয়টি গুরুত্ব পাবে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ নৌপথ এবং চলমান সংঘাতের অন্যতম প্রধান অচলাবস্থার কারণ হয়ে উঠেছে। পাশাপাশি আলোচনার চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান।
 
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে। গত জুনে যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা শুরু করে। পাল্টা হামলা করে জবাব দেয় ইরান। টানা প্রায় দুই সপ্তাহ হামলার পর তা আকস্মিকভাবে স্থগিত করেন ট্রাম্প।
 
গত সপ্তাহে ট্রাম্প নতুন করে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলার হুমকি দেন। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে সেগুলো ‘ছাই করে দেওয়ার’ হুঁশিয়ারি দেয়। এ পরিস্থিতিতে ওই অঞ্চলজুড়ে থাকা মার্কিন দূতাবাসগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়।
 
তবে শেষ পর্যন্ত ট্রাম্প ওই হুমকি থেকে সরে আসার কথা জানিয়ে বলেন, দ্রুত একটি চুক্তির জন্য প্রয়োজনীয় মৌলিক কাঠামো বা রূপরেখা এরই মধ্যে তৈরি হয়েছে। এরপর গত রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এখন আমরা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নিচ্ছি। আগামীকাল (সোমবার) বিকেল থেকে আলোচনা শুরু হবে।’
 
তবে কোথায় এই আলোচনা অনুষ্ঠিত হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও দাবি করেন, ইরান ছাড়াও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
 
তবে ইরানের গণমাধ্যমগুলো ট্রাম্পের এ দাবি নাকচ করে দিয়ে বলেছে, তেহরান তাকে হামলা থেকে বিরত থাকার কোনো অনুরোধ জানায়নি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও আইনপ্রণেতা হাসান ঘাশঘাভি গত রোববার বলেন, মধ্যস্থতাকারীরা জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।
 
ওই সমঝোতাটি চূড়ান্ত শান্তিচুক্তি হিসেবে নয়; বরং একটি বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনার পথ সুগম করার মধ্যবর্তী ধাপ হিসেবে করা হয়েছিল। তবে এতে হরমুজ প্রণালি-সংক্রান্ত কিছু বিধানও অন্তর্ভুক্ত ছিল। ঘাশঘাভি বলেন, ‘তারা জানে কোনটা মূল বিষয়, কিংবা প্রকৃত অর্থে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালি। তাই হ্যাঁ, এ বিষয়ে মতবিনিময় চলছে।’
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো প্রতিনিধিদল গ্রহণ বা পাঠানোর পরিকল্পনা নেই। বাঘাই আরও বলেন, ওমানের সঙ্গে আলোচিত নতুন হরমুজ রুটটি হবে একটি একক পথ, যেখানে প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা লেন থাকবে।
 

 
 

সূত্র: এএফপি ,আল জাজিরা 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন