ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০০:০২, ৩১ জুলাই ২০২৬
ফাইল ছবি
নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে প্রতিদিনই ঝরছে বৃষ্টি। এমন অবস্থা আরও বেশ কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিরও শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড ও ছত্তিশগড় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি রয়েছে।
এ অবস্থায় শুক্রবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া দফতরের তথ্যানুযায়ী আরও কয়েকদিন আবহাওয়ার এমন অবস্থা চলতে থাকবে।