স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৪২, ৩১ জুলাই ২০২৬
এবার স্ট্রাইকার কিনলো রিয়াল মাদ্রিদ I ছবি :সংগৃহীত
গত কয়েক মৌসুম ধরে ভোগার পর এবার রক্ষণে বেশ গুরুত্বই দিয়েছে রিয়াল মাদ্রিদ। চলতি গ্রীষ্মেই তারা দলে ভিড়িয়েছে মার্ক কুকুরেয়া, ইব্রাহিমা কোনাতে ও ডেনজেল ডামফ্রিসকে। ম্যানচেস্টার সিটি থেকে এনেছে মিডফিল্ডার বার্নার্দো সিলভাকেও। এবার কিনলো স্ট্রাইকার।
পাঁচ বছরের চুক্তিতে লেভান্তে থেকে স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এ জন্য স্প্যানিশ ক্লাবটিকে খরচ করতে হয়েছে ২৫ মিলিয়ন ইউরো। বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ এ তথ্য নিশ্চিত করেছে। এস্পি মূলত গঞ্জালো গার্সিয়ার বিকল্প হিসেবে রিয়ালে যোগ দিয়েছেন। গার্সিয়া পাড়ি জমিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে।
এস্পি গত মৌসুমে লা লিগায় ১১টি গোল করেন এবং মৌসুমের সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় নির্বাচিত হন। স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২টি ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে সমানসংখ্যক ম্যাচ খেলেছেন তিনি।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতি দিয়ে বলেছে, ‘রিয়াল মাদ্রিদ কার্লোস এস্পির দলবদল সম্পন্ন করেছে। তিনি আগামী পাঁচ মৌসুম, অর্থাৎ ৩০ জুন ২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন। মাত্র ২১ বছর বয়সে কার্লোস এস্পি লেভান্তের হয়ে তিন মৌসুম খেলেছেন। এই সময়ে তিনি ৬৬টি ম্যাচে অংশ নিয়ে ২০টি গোল করেছেন।’
রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এস্পিকে নতুন কোচ হোসে মরিনিয়োর অধীনে ফরোয়ার্ড পজিশনের জন্য কিলিয়ান এমবাপ্পে ও এনড্রিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদ আরবি লাইপজিগের ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে। পাশাপাশি ম্যানচেস্টার সিটির রদ্রিকে দলে টানার ব্যাপারেও ক্লাবটি আত্মবিশ্বাসী।