চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০০:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নিহত আল আমিন ও জিহাদ I ফাইল ছবি
অবশেষে পরিচয় মিলেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় বোমা বিষ্ফোরণে নিহত দুই বোমা কারিগরের। শনিবার রাতে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ওপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আল আমিন (১৮) এবং শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথনিপাড়ার মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭)।
পুলিশ সুপার জানান, চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা তৈরীর সময় বিষ্ফোরণে ২ কিশোর আল আমিন ও জিহাদ নিহত হন। তাদের মরদেহ দীর্ঘ ১১ ঘন্টা ওই ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আবুল কালাম ওরফে কালুর বাড়ির একটি ঘরে পড়ে থাকে। এ সময়ের মধ্যে আশেপাশের আনেকের কাছে পরিচয় সনাক্তের চেষ্টা করা হলেও বোমার বিস্ফোরণে নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন ও বিভিন্ন জখমের কারনে ভয়ে কিংবা আতংকে কেও মুখ খুলেননি। পরে একই দিন (শনিবার) বিকালে তাদের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো বলেন, এ সময়ের মধ্যে প্রাথমিকভাবে ধারনা করে দুটি পরিবারকে খবর দেয়া হলে তারা মরদেহ সনাক্ত করেন। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সার্বিক বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
গৌতম কুমার জানান, বোমা বিষ্ফোরণ ঘটনায় আহত সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার শুভ (২০) কে ঘটনার পরপরই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। চিকিৎসাধীন ওই তিনজনের বিষয়ে নজরদারি রাখা হয়েছে। আর এ বিষযে আইনগত পদক্ষেফ নেয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
প্রসঙ্গত, শনিবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে উড়ে যায় টিনের চালা ও ভেঙ্গে পড়ে ঘরের দেয়াল। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং তিন জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।